অর্থনীতি ১ম পত্র ( HSC)
HSC অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
১. “নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত।
উত্তর: ভোক্তার স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও সুষম উন্নয়ন সাধনের দিক থেকে নির্দেশনামূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উন্নত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের প্রাধান্য, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন, উৎপাদনের উৎপাদনসমূহের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে।
আর নির্দেশমূলক উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। পক্ষান্তরে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রের উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের সুযোগ থাকে না। আর এসব দিক বিবেচনা করে বলা যায় যে, ধনতান্ত্রিক অথ্যবস্থার তুলনায় নির্দেশনামূলক অর্থব্যবস্থা যথেষ্ট উন্নত।
২. অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন?
উত্তর: মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়। মানুষের অভাব অসীম। তাই সব অভাব একসাথে পূরণ করা যায় না। এজন্য ভোক্তা তার অনেক অভাবের মধ্যে প্রয়োজনীয় অভাবগুলো নির্বাচন করে সীমিত সম্পদ দ্বারা আগে অভাব পূরণ করার চেষ্টা করে। আর এ কারণেই নির্বাচন সমস্যা দেখা দেয়।
৩. “সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ”- ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের অর্থনৈতিক সমস্যার মূল কারণ হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। ব্যক্তি অথবা রাষ্ট্রের সবক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় সম্পদ অপ্রচুর। অসীম অভাবের সাথে সাথে যদি সম্পদও ইচ্ছামতো ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত, তবে অর্থনৈতিকভাবে সমস্যার সৃষ্টি হতো না। সুতরাং সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
৪. কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না?
উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো ব্যক্তিমালিকানাধীন এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত দাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত এক ধরনের অর্থব্যবস্থা।
এই অর্থব্যবস্থার উৎপাদন, বণ্টন, বিনিয়োগ ও ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত, উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ী নিজ নিজ ইচ্ছানুযায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে। ভোগের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তাই এ অর্থব্যবস্থায় সরকারের কোনো ভূমিকা থাকে না।
Comments
Post a Comment